পেন্সিল এর এক টানে এঁকে ফেললো নাকি কেউ একটা মুখ? কারোর বা ক্লাসের খাতাটা একটা আস্ত কমিক বই! কেউবা সুঁই-সুতোর ফোঁড়ে বুনছে স্বপ্ন, স্বপ্নের ঘোড়াগাড়ি চলছেই। তারা সকলেই শিল্পী। কেউবা তাদের স্বপ্নকে পুঁজি করে চলছে, কারো বা শিল্পীসত্বা রয়েছে সুপ্ত। তাদের এই বোধ এবং ইচ্ছাশক্তিকে ঘিরে আগামীর শিল্পীদের সেই স্বপ্নের পথে ছুটিয়ে নিয়ে যাওয়াই আমাদের স্বপ্ন। আমরা বিশ্বাস করি, স্বপ্নপূরণের মূল চালিকাশক্তিই হচ্ছে ইচ্ছাশক্তি। তাদের স্বপ্ন পূরণে তাদের এগিয়ে দেওয়া আমাদের লক্ষ্য। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে চারুকলা অনুষদে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়৷ প্রতিবারের মতো এ বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে “ইশকুলঘর” -চারুকলা ভর্তি সহায়ক কর্মশালাটি পরিচালিত হচ্ছে। এবারের কর্মশালা চারুকলা অনুষদের বর্তমান ২৮ ব্যাচের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত হচ্ছে। কর্মশালায় সাধারণত ভর্তি পরীক্ষার প্রশ্নকাঠামো অনুযায়ী যে প্রস্তুতি প্রয়োজন হয় তা নিয়েই কাজ করে শিক্ষার্থীরা। এবারের কর্মশালার নাম মূলত চারুকলার জয়নুল-স্কুলঘর থেকে অনুপ্রাণিত। “ইশকুলঘর”-২০২৩ কর্মশালার ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে, ১২ই অক্টোবর এর ওরিয়েন্টেশন বা পরিচিতিমূলক ক্লাস হতে যাচ্ছে।
-দুরন্ত ডেস্ক





