‘মিস ইউনিভার্স ২০২৩’-এর প্রতিযোগিতার মঞ্চে এবার ব্যতিক্রমী দৃশ্য দেখালেন পাকিস্তানের সুন্দরী ‘মিস পাকিস্তান’ এরিকা রবিন। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ বিভাগ সুইমস্যুট রাউন্ডে বুরকিনি পরেই হাজির হয়েছিলেন তিনি যা বেশ আলোড়ন ফেলেছে। বুরকিনি হলো বোরকা ও বিকিনির সমন্বয়ে তৈরি পোশাক যা নারীদের সাঁতারের জন্য ব্যবহৃত হয়। এটি মুখ, হাত ও পা ছাড়া পুরো শরীর ঢেকে রাখে।মিস ইউনিভার্সের মঞ্চে এরিকার এই পোশাকের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।২৪ বছর বয়সী এই মডেলের হাত ধরে প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান।সুইমস্যুট রাউন্ডে গোলাপি রঙের বুরকিনিতে গোটা শরীর ঢেকে মিস ইউনিভার্সের মঞ্চে হাজির হয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন এরিকা। মিস পাকিস্তানের বুরকিনি পরা ছবি এবং ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে ইন্টারনেটে।এর আগে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় পাকিস্তানি এই মডেলের অংশগ্রহণ নিয়ে তুমুল সমালোচনা হলেও এখন অনেক পাকিস্তানি তার এমন পোশাকের কারণে প্রশংসা করছেন।
১৮ নভেম্বর সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। মুকুট উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। ৯০টি দেশ অংশগ্রহণ করেছে এই সুন্দরী প্রতিযোগিতায়।
-দুরন্ত ডেস্ক





